বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রমজানে স্বল্পমূল্যে দুধ-ডিম-মাংস, ১০ লাখ পরিবার পাবে সরকারি সুবিধা


প্রকাশ :

পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় দেশের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্থানে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজানজুড়ে চলবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, এ কর্মসূচির আওতায় ডিমের ডজন ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ বাজার নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। সরকারের এই উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।