নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ বিষয়ে পে-স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে, না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত দেওয়ার আগে কমিশনের প্রস্তাবগুলো ভালোভাবে দেখা প্রয়োজন। না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দল ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী জাতীয় পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত জাতীয় বেতন কমিশন গত ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর এবং ২০২৬–২৭ অর্থবছরের শুরু থেকে তা পুরোপুরি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।