‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদের কার্যকারিতা স্থগিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে ওই রিটটি করেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। সারাদেশে অনুষ্ঠিত এ গণভোটে মোট ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার, আর বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।