সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে তিনি সড়ক ও অলিগলি পরিষ্কার করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এটি পূর্বঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ। শুধু একদিনের কর্মসূচি নয়, দলীয় ইউনিটগুলোর মাধ্যমে নিয়মিতভাবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দলীয় স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে এলাকায় পরিচ্ছন্নতা কাজে অংশ নিতে। কেউ বেশি সময় দিতে পারলে তা আরও ইতিবাচক ফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।
পেশায় চিকিৎসক শফিকুর রহমান বলেন, তার লক্ষ্য মিরপুরকে রাজধানীর একটি ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলা। সরকারি বরাদ্দ পাওয়া না পাওয়া নির্বিশেষে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে এলাকাকে বঞ্চিত না করারও আহ্বান জানান সরকারের প্রতি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন ও নিরাপদ মিরপুর গড়ে তুলতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্রের চর্চার কথা উল্লেখ করে তিনি বলেন, জয়-পরাজয় বদলাতে পারে, কিন্তু এলাকার উন্নয়ন যেন কোনোভাবেই থেমে না থাকে।
এ উদ্যোগকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা জানান, ঢাকায় অবস্থান করলে তিনি নিজেই নিয়মিত অংশ নেবেন, আর বাইরে থাকলেও দলীয় সহকর্মীদের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।