ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। নতুন সরকার পরিচালনার জন্য তিনি ৪৯ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করেছেন, যেখানে প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের অংশগ্রহণও গুরুত্ব পেয়েছে।
নবগঠিত মন্ত্রিসভায় রাষ্ট্র পরিচালনার পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের অধীনেই রেখেছেন প্রধানমন্ত্রী। এগুলো হলো প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দপ্তর বণ্টনে দেখা গেছে, দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন মীর শাহে আলম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, আর প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন জোটের নেতা জোনায়েদ সাকি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, আর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ববি হাজ্জাজ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খলিলুর রহমানকে, যার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শামা ওবায়েদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে, প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন মোহাম্মদ শরীফুল আলম। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
স্বাস্থ্যখাতে দায়িত্ব পেয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী এম এ মুহিত। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আমিন উর রশিদ, সঙ্গে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতু মন্ত্রণালয়ে শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হাফিজ উদ্দিন আহমেদ, সমাজকল্যাণে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ে মোফাজ্জল হোসেন কায়েকোবাদ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু, প্রবাসী কল্যাণে আরিফুল হক চৌধুরী, পানিসম্পদে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম রিতা দায়িত্ব পালন করবেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জাকারিয়া তাহের সুমন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করবেন আব্দুল বারী এবং সাবেক ফুটবলার আমিনুল হক।
নতুন সরকার গঠনের মাধ্যমে প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন প্রশাসনের যাত্রা শুরু হলো বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।