বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আইকনিক জার্সি গায়েই এমপি হিসেবে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ


প্রকাশ :

চিরচেনা সেই আইকনিক জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অন্যদের মতো তিনিও অংশ নেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঐতিহাসিক হিসেবে পরিচিত সেই জার্সি গায়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাকে। পরে একই পোশাকেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি পরে আন্দোলনে সক্রিয়ভাবে দেখা যায় হাসনাতকে। আন্দোলনের দীর্ঘ সময়জুড়ে একই পোশাকে উপস্থিত থাকার কারণে জার্সিটি তার রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি একই পোশাকে ছিলেন।

এরপর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও সেই পরিচিত জার্সি পরেই মঞ্চে ওঠেন তিনি। ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও একই জার্সি পরে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এই এনসিপি নেতা।