বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের


প্রকাশ :

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক এসব কথা জানান। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতের উন্নয়ন প্রচেষ্টায় জাতিসংঘ বাংলাদেশকে পাশে থাকবে।

ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য তুলে ধরে মুখপাত্র বলেন, গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি বৃদ্ধি এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব সবসময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে থাকেন। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার বাস্তবায়নের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়।

এদিকে, পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বার্তায় মহাসচিব বিশ্বজুড়ে চলমান মানবিক সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদানসহ বিভিন্ন দেশে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে তিনি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।