ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম সম্বলিত সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি প্রকাশ করা হয়।
এবার জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ২টি আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। ফলে আপাতত ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্র জানায়, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সদস্যদের নাম ও পরিচয়সহ আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ সচিবালয় প্রটোকল, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করার প্রস্তুতি শুরু করেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল অংশ নেয়। মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২ হাজার ২৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে ছিলেন। এর মধ্যে দলীয় প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং নারী প্রার্থী ছিলেন ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই সঙ্গে অনুষ্ঠিত জাতীয় গণভোটে ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি সর্বাধিক আসনে বিজয় অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন আসনে জয় পেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা এবং গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।