বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আগামীকাল ভোট: লালমনিরহাট-১ আসনে ভোট দেবেন ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন


প্রকাশ :

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনে মোট ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশের জাতীয় সংসদের ১৬ নম্বর নির্বাচনী এলাকা লালমনিরহাট-১ আসনটি পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত। ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এই আসনটি দহগ্রাম–আঙ্গরপোতা ছিটমহল ও তিন বিঘা করিডোরের কারণে আন্তর্জাতিকভাবে পরিচিত। এ ছাড়া বুড়িমারী স্থলবন্দর এ এলাকার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫শত ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭শত ৭ জন, নারী ভোটার ২ লাখ ৮শত ৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ভোটগ্রহণের জন্য মোট ১শত ৩৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের মো. হাসান রাজীব প্রধান; বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. আনোয়ারুল ইসলাম রাজু; জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. মসিউর রহমান রাঙ্গাঁ; স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের শিহাব আহমেদ; স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকের আবু সামা মো. রেদওয়ানুল হক; বাংলাদেশ লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের মো. শুভ আহমেদ; স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. রেজাউল করিম সরকার; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়া এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ মনোনীত মোটরগাড়ি (কার) প্রতীকের হাবিব মো. ফারুক।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।