আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব সরকারি–বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সিইসির ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় আগেই ধারণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি ভোটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভোটগ্রহণের পরিবেশ সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত জানাবেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানাবেন।
ভাষণে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো এবং ড্রোন নজরদারির কথাও তুলে ধরা হবে।
একই সঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের অবস্থান আবারও স্পষ্ট করবেন সিইসি।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।