বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র


প্রকাশ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাট জেলায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ৩৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টিকে বিশেষ নজরদারির আওতায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আগে এগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হলেও এখন সরকারি নির্দেশনায় এগুলোকে “গুরুত্বপূর্ণ” ও “অতি গুরুত্বপূর্ণ” কেন্দ্র হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। এসব কেন্দ্রে সাধারণ ব্যবস্থার বাইরে বাড়তি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হবে।

নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা, ভোটকেন্দ্র দখল বা সহিংসতার সুযোগ রাখতে চাইছে না প্রশাসন। বিশেষ করে সীমান্তঘেঁষা পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় নিরাপত্তা স্তর আরও বাড়ানো হয়েছে। এসব এলাকায় বিজিবি বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তল্লাশি অভিযানও চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সড়ক যোগাযোগ, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রগুলোকে ভাগ করা হয়েছে। ৩৮৬টি কেন্দ্রের মধ্যে ১১১টিকে গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ১০৭টিকে অতি গুরুত্বপূর্ণ (লাল) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সীমান্ত এলাকায় থাকা ৬৪টি কেন্দ্রের মধ্যে ১৫টি গুরুত্বপূর্ণ এবং ২৫টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত।

পুরো জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৫ জন। আসনভিত্তিক চিত্রটা আরও স্পষ্ট করে বললে—

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা): একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৭০৭, নারী ২ লাখ ৮৫২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এখানে ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৩৫টি গুরুত্বপূর্ণ এবং ৪২টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী): ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ২০০ এবং নারী ২ লাখ ১৫ হাজার ৭৬১ জন। ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৪৪টি গুরুত্বপূর্ণ এবং ৪৮টি অতি গুরুত্বপূর্ণ।

লালমনিরহাট-৩ (সদর): ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এখানে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৩৩টি গুরুত্বপূর্ণ এবং ১৬টি অতি গুরুত্বপূর্ণ।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এবার প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার দেওয়া হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে শনাক্ত করা যায়।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”

লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আমাদের সদস্যরা মাঠে সক্রিয় রয়েছে। লালমনিরহাটে ২২ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল, চেকপোস্ট ও তল্লাশি চলছে। সন্দেহভাজন চলাচল ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।