ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রংপুর মেট্রোপলিটন পুলিশ নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১১ই ফেব্রুয়ারি) ২০২৬ খ্রি. রাত ১২:০০ টা থেকে বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি), ২০২৬ খ্রি. রাত ১২:০০ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়াও মঙ্গলবার (১০ই ফেব্রুয়ারি), ২০২৬ খ্রি. রাত ১২:০০ টা থেকে শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি), ২০২৬ খ্রি. মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এই নিষেধাজ্ঞা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন সাংবাদিক ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন: এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এছাড়াও জরুরি পণ্য, ঔষধ, খাদ্য দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন এবং বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী বা স্বজনদের যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রেও প্রযোজ্য নয়।
বিজ্ঞপ্তির অন্যান্য শর্তানুযায়ী, রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য এক (০১)টি গাড়ি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের (যধাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র সাপেক্ষে) জন্য এক (০১)টি গাড়ি (জীপ, কার, মাক্রোবাস, ছোট আকৃতির যানবাহন); নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল এর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা বা মহানগর থেকে প্রবেশ বা বহির্গমনের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়কে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।