বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

কম দামে রেল কোচ–ওয়াগন কিনতে পাকিস্তান ঘুরে দেখল বাংলাদেশ


প্রকাশ :

তুলনামূলক কম খরচে যাত্রীবাহী কোচ ও মালবাহী ওয়াগন সংগ্রহের সম্ভাবনা যাচাই করতে পাকিস্তানের রেল কারখানা পরিদর্শন করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের ওই দল সম্প্রতি ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি ওয়ার্কশপ ঘুরে দেখেন। সেখানে তারা রোলিং স্টক তৈরির প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত কারিগরি ব্রিফিং নেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন রোববার (৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, বাংলাদেশ প্রতিনিধি দল শুধু উৎপাদন ব্যবস্থা দেখেই থেমে থাকেনি; বরং মান, খরচ, রক্ষণাবেক্ষণ সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সরবরাহের বিষয়েও আলোচনা করেছে।

লাহোরের মুঘলপুরা ওয়ার্কশপে বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান আলাদাভাবে পরিদর্শন করেন। এ সময় পাকিস্তান রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) মুহাম্মদ নাসির খলিলি তাদের ওয়ার্কশপের সামগ্রিক কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রকল্প সম্পর্কে অবহিত করেন।

খলিলি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন গভীর, আর রেল খাতে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। তার ভাষায়, “এই অংশীদারত্ব দুই দেশের যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে।”

প্রতিনিধিদল মুঘলপুরা লোকোমোটিভ ওয়ার্কশপও ঘুরে দেখে, যেখানে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন ও আধুনিকায়নের বিভিন্ন ধাপ দেখানো হয়।

সফর শেষে বাংলাদেশের প্রতিনিধিরা একে ফলপ্রসূ ও বাস্তবসম্মত বলে অভিহিত করেন। প্রতিনিধিদলের সদস্য ফরহাদুল ইসলাম বলেন, এই সফর দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করার পাশাপাশি রেল যোগাযোগ উন্নয়নে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।