বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ভোটে ২৪ ঘণ্টা যানবাহন নিষেধাজ্ঞা, প্রবাসীদের ছাড়


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১ ফেব্রুয়ারি জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত—টানা ২৪ ঘণ্টা।

এর চেয়েও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে মোটরসাইকেলের ক্ষেত্রে। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত—পুরো ৭২ ঘণ্টা—সারাদেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকরা চলাচল করতে পারবেন। পাশাপাশি ওষুধ, চিকিৎসাসামগ্রী, জরুরি পণ্য ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চালু থাকবে।

বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। বৈধ পাসপোর্ট ও বিমানের টিকিট দেখাতে পারলে বিমানবন্দরে যাতায়াতে কোনো বাধা থাকবে না। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনেও সীমিত শিথিলতা দেওয়া হবে।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার থাকলে একটি করে ছোট গাড়ি ব্যবহার করতে পারবেন।

সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও অনুমোদন সাপেক্ষে যানবাহন ব্যবহার করতে পারবেন। টেলিযোগাযোগ সেবা চালু রাখতে বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও জরুরি সেবার আওতায় চলাচল করতে পারবে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তজেলা সংযোগ সড়কগুলোতে চলাচল সম্পূর্ণ বন্ধ করা হবে না, যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয়।

সবশেষে বলা হয়েছে, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে এই বিধিনিষেধ আরও কঠোর কিংবা শিথিল করতে পারবেন।