শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজন নিশ্চিত করতে ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে গিয়ে তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়।
মতবিনিময়কালে সেনাপ্রধান স্পষ্টভাবে বলেন—পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য হবে না বলেও তিনি সতর্ক করেন।
এ সময় তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঢাকার সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সেখানে ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করতে গত ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান ধারাবাহিকভাবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভারসহ বিভিন্ন অঞ্চলের সামরিক ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে আসছেন।