বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচন সামনে রেখে রাজধানীসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে বিজিবির ঢাকা সেক্টরের পাঁচ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

এবার নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে বা কেন্দ্রে সহিংসতা কিংবা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি কেন্দ্রে প্রবেশ করতে পারবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।