বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জামায়াতের নির্বাচনী সম্ভাবনা নিয়ে মার্কিন কূটনীতিকের অডিও প্রকাশ


প্রকাশ :

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন এবং জামায়াতে ইসলামীর সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করা যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের কথোপকথনের অডিও প্রকাশ পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা ওই অডিওতে কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ ধীরে ধীরে ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আসন্ন নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করতে পারে।

অডিওতে ঢাকাভিত্তিক ওই মার্কিন কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে জানান, এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। আলোচনার একপর্যায়ে তিনি ছাত্রশিবিরের নেতাদের টেলিভিশন টকশোতে আনার বিষয়েও প্রশ্ন তোলেন।

এ সময় কূটনীতিক দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলেও শরীয়াহ আইন চালু করবে না। তবে যদি শরীয়াহ আইন চালু করা হয় এবং নারীদের কর্মঘণ্টা সীমিত করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক পণ্য আমদানি বন্ধ করে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এতে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে।

অডিওতে আরও শোনা যায়, যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করা হবে এবং প্রয়োজনে বাংলাদেশের পোশাক শিল্পের ওপর শুল্ক আরোপের কথাও বিবেচনায় আনা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই ওয়াশিংটন পোস্টকে জানান, গত ডিসেম্বরে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের একটি আলোচনা হয়েছিল। তিনি বলেন, এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল এবং সাধারণত এসব আলোচনা প্রকাশ করা হয় না। তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে নির্বাচিত যে সরকারের সঙ্গেই হোক, তাদের সঙ্গে কাজ করবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার বিষয়ে তারা প্রকাশ্যে কথা বলতে চায় না। তবে দলটির মুখপাত্র মোহাম্মদ রহমান জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও জামায়াতের প্রতিনিধিদের মধ্যে চারবার বৈঠক হয়েছে। পাশাপাশি ঢাকাতেও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হওয়ার কথাও নিশ্চিত করেন তিনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক