দেশের সুতা উৎপাদনকারী মিল রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি থেকেই মিলগুলো বন্ধ করে দেওয়া হবে। ব্যাংক ঋণ পরিশোধের মতো সক্ষমতা মালিকদের আর নেই। বন্ধের সিদ্ধান্ত অনিবার্য হয়ে পড়েছে।
বর্তমান আর্থিক সংকটের চিত্র তুলে ধরে বিটিএমএ সভাপতি জানান, মালিকদের পুঁজি ইতোমধ্যে অর্ধেকে নেমে এসেছে। সব সম্পত্তি বিক্রি করলেও ব্যাংকের দায় শোধ করা সম্ভব নয় বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে ঘুরেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এক দপ্তর থেকে আরেক দপ্তরে দায়িত্ব ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব কোনো সিদ্ধান্ত আসছে না।
বিটিএমএর মতে, দ্রুত কার্যকর নীতিগত সহায়তা না এলে দেশের সুতা ও টেক্সটাইল শিল্প চরম সংকটে পড়বে, যার প্রভাব পড়বে পুরো পোশাক খাত ও অর্থনীতিতে।