বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ছাত্র আন্দোলনের সময় পদত্যাগের ইচ্ছার কথা ট্রাইব্যুনালে জানালেন জুনাইদ আহমেদ পলক


প্রকাশ :

জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সে সময় ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষাপটে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রীকে অবহিত করেছিলেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন। পলক বলেন, ২০২৪ সালের ২ আগস্ট আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। ওই সময় মন্ত্রিসভার বৈঠকে ছাত্রদের দাবির বিষয়টি তুলে ধরেন বলেও জানান তিনি।

শুনানিতে পলক আরও বলেন, তার পদত্যাগের সিদ্ধান্তটি তিনি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি জানিয়েছিলেন।

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় পলক ও সজীব ওয়াজেদ জয়ের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে তাদের আইনজীবীরা এদিন শুনানি শেষ করেন। পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ এবং সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন।

পলকের আইনজীবী শুনানিতে বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের এ বিষয়ে কোনো সরাসরি ভূমিকা ছিল না। সে কারণে তার অব্যাহতির আবেদন জানানো হয়।

অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী মনজুর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। তবে ওই পোস্টে জয়কে ট্যাগ করা হয়নি এবং তিনি সেখানে কোনো প্রতিক্রিয়াও জানাননি। তিনি আরও বলেন, জয় সরকারের অবৈতনিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং তার অধীনে কোনো মন্ত্রণালয় ছিল না।

শুনানিতে জয়ের আইনজীবী ট্রাইব্যুনালকে অবহিত করেন যে, এসব বিবেচনায় মামলায় আনা অভিযোগের সঙ্গে তার মক্কেলের সরাসরি সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করছেন।