বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ৭১’ এক লিখিত বিবৃতিতে মুক্তিযোদ্ধা সংসদের লালমনিহাট জেলা ইউনিট কমান্ডের আওতাধীন জেলা, সকল উপজেলা ও ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের কর্মী না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বিবৃতিতে বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন। তাই মুক্তিযোদ্ধা সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যে কোনো রাজনৈতিক দলের কর্মী হওয়ার সুযোগ নেই। যারা মুক্তিযোদ্ধা সংসদের সাথে সংশ্লিষ্ট নহেন তাদের প্রতি এই নির্দেশনা বা আহ্বান কার্যকরী হবে না।
মুক্তিযোদ্ধা সংসদের সাথে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধারা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কিন্তু নির্বাচনী প্রচারণায় কিংবা কর্মী হিসেবে অংশ নেয়া যাবে না।
মুক্তিযোদ্ধা সংসদের সাথে সংশ্লিষ্ট লালমনিরহাট জেলা, সকল উপজেলা ও ইউনিয়ন কমান্ড পর্যায়ের কোন মুক্তিযোদ্ধা দলীয় কর্মী হিসেবে অংশ গ্রহণ করলে তদন্ত সাপেক্ষে তাকে সংসদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।