বুধবার, ১৪ জানুয়ারি লালমনিরহাট রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এ প্রতিযোগিতা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিস, লালমনিরহাটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
ক্রীড়া শিক্ষক বিথী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সন্তানদের শারীরিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাঁরা শিক্ষকদের, অভিভাবকদের ও বড়দের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের উপস্থিত থাকার আহ্বানও জানান বক্তারা।
জেলা পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল, ক্রিকেট, বাস্কেটবল (দলগত), হকি, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), সাইক্লিং এবং অ্যাথলেটিকস ইভেন্টে ছাত্র ও ছাত্রী উভয়েই অংশগ্রহণ করে।
জেলার পাঁচটি উপজেলা থেকে আগত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।