বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

শতাধিক গুম ও খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিচার শুরু


প্রকাশ :

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুমের পর শতাধিক মানুষ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে গুম ও খুনের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এ মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন। অন্যদিকে, জিয়াউল আহসানের আইনজীবী ও তাঁর বোন নাজনীন নাহার দাবি করেন, জিয়াউল আহসান কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট সব কার্যক্রম আইনগত প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়েছে।

প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পূবাইল এলাকায় সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও একই সময়কালে আরও ৫০ জন হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকাসহ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ অন্তত ৫০ জনের প্রাণ নেওয়া হয়।

উল্লিখিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে, ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন সকালে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।