লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর এলাকায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অন্তত ৭০টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নামুড়ী চন্দ্রপুর এলাকার কৃষক পরেশ চন্দ্র রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর বিলের মুখে মূল সড়ক থেকে বসতবাড়িতে যাওয়ার জন্য এলাকাবাসীর দেওয়া জমির ওপর প্রায় চার যুগ আগে একটি রাস্তা নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে নামুড়ী চন্দ্রপুর এলাকার ৭০টি পরিবার চলাচল করে আসছে। রাস্তাটি দিয়ে এলাকার বসতবাড়ি ছাড়াও একটি কালীমন্দির, শ্মশানঘাট এবং সরকারি ‘নামুড়ী বিল’ নামে পরিচিত একটি বড় বিলের সঙ্গে যোগাযোগ রয়েছে। স্থানীয়রা এই পথেই হাট-বাজারে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুল-মাদরাসায় যাওয়া এবং কৃষিপণ্য আনা-নেওয়া করতেন।
অভিযোগে আরও বলা হয়, হঠাৎ করে সোমবার (১২ জানুয়ারি) পার্শ্ববর্তী ইউনিয়ন ভেলাবাড়ী নয়ারহাট এলাকার ইউনুস আলী নামের এক ব্যক্তি ওই রাস্তায় চলাচল বন্ধ করতে রাস্তার ওপর একটি ঘর নির্মাণ করেন। এতে এলাকাবাসী একপ্রকার গৃহবন্দি অবস্থায় পড়েছে। বাধা দিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি গালিগালাজ, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
রাস্তা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী পরেশ চন্দ্র রায় বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা, এমনকি শিশুরাও স্কুলে যেতে পারছে না। দ্রুত রাস্তাটি খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলী বলেন, “এই রাস্তা কোনো সরকারি বা রেকর্ডভুক্ত রাস্তা নয়। আমার জমির পাশ দিয়ে শস্য আনা-নেওয়ার জন্য আমি নিজেই এই রাস্তা করেছি। মানুষ চলাচলের কোনো রাস্তা আমি বন্ধ করিনি। রাস্তার পাশে ব্যবসার উদ্দেশ্যে একটি ঘর নির্মাণ করেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার জানান, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতাও নেওয়া হবে।