ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ দুই দিনের সময় নিয়েছে। আদালত সময় মঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ ও আপত্তির বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন।
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এদিন বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত থেকে অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চেয়ে আবেদন করেন। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল।
শুনানিকালে নিহত হাদির ভাই ওমর হাদিও আদালতে উপস্থিত ছিলেন। আদালত শেষে বাদী আব্দুল্লাহ আল জাবের বলেন, অভিযোগপত্র খুঁটিয়ে দেখার জন্য দুই দিনের সময় নেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি আপত্তি আছে কি না, সে বিষয়ে আদালতকে জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় যাওয়ার পথে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। একটি মোটরসাইকেলের পেছনে বসা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। পরবর্তীতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা অভিযোগ যুক্ত করা হয়। তদন্তের দায়িত্ব থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশ গত ৬ জানুয়ারি মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ তার পরিবারের সদস্য, সহযোগী ও অর্থ ও পালাতে সহায়তাকারীদের কয়েকজন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন এখনও পলাতক বলে জানা গেছে।
অভিযোগপত্রে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং হাদির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে যে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হাদির নির্বাচনি প্রচারে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।