ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি তৃতীয় দিনের মতো চলছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ১৪১ থেকে ২১০ পর্যন্ত আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এসব আপিলের শুনানি নেবে।
এর আগে রোববার শুনানির দ্বিতীয় দিনে কমিশন ৫৮টি আপিল মঞ্জুর করে। একই দিনে ৭টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ৬টি আবেদন পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়।
নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদন রোববার মঞ্জুর করা হয়েছে।
শুনানির প্রথম দিন শনিবার ৫২টি আপিল আবেদন মঞ্জুর হয়। সব মিলিয়ে প্রথম দুই দিনে শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানির কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ১০, ১১ ও আজকের (১২ জানুয়ারি) শুনানির রায়ের অনুলিপি আজই নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি শুনানির পরপরই ফলাফল মনিটরে প্রদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের ই-মেইলেও রায়ের কপি পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।