জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।
এ মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অপরদিকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জুনায়েদ আহ্মেদ পলক। রোববার (১১ জানুয়ারি) তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়।
শুনানিকালে প্রসিকিউশন গণমাধ্যমে দেওয়া পলকের একটি বক্তব্য ট্রাইব্যুনালে পড়ে শোনায়—‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের সেই বক্তব্যই শুনতে হয় পলককে। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমানের সঙ্গে পলকের কথোপকথনের অংশও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া কিংবা বিটিসিএল ভবনে আগুন লাগার অজুহাতে ইন্টারনেট বন্ধের দায় ছাত্র-জনতার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে। প্রসিকিউশনের দাবি, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধের পুরো নীলনকশা করেছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহ্মেদ পলক।
এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।