বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান


প্রকাশ :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। সভায় সেই পরিপত্রের মূল দিকগুলো তুলে ধরেন নির্বাচন কমিশনার।

ইসি সানাউল্লাহ জানান, যৌথবাহিনীর এই অভিযানে দেশের সব বাহিনী অংশ নেবে এবং ইতোমধ্যে বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার এ বিষয়ে অবহিত রয়েছে।

অভিযানের প্রধান লক্ষ্য তিনটি উল্লেখ করে তিনি বলেন, প্রথমত নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অবৈধ অস্ত্র উদ্ধার এবং যেগুলো উদ্ধার সম্ভব নয়, সেগুলো যাতে কোনো ধরনের অপরাধে ব্যবহার না হয় তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে এমন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের ঘটনা ঘটলে যৌথবাহিনী সরাসরি ব্যবস্থা নেবে। ছোটখাটো অনিয়ম সংশ্লিষ্ট নিয়মিত কমিটিগুলো দেখবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়েও সতর্কতা দেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ক্যাম্পগুলো কঠোর নজরদারির আওতায় রাখতে হবে। পাশাপাশি স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী এই পথ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা না গেলে এর দায় সবাইকে বহন করতে হবে।