অগণিত মানুষের ভালোবাসা ও সহমর্মিতায় নিকটজন হারানোর শূন্যতা অনেকটাই পেরিয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আজ মনে হচ্ছে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।
পোস্টে তিনি বলেন, শোকের এই সময়ে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মানুষের অকৃত্রিম ভালোবাসা তাকে নিকটজন হারানোর বেদনাকে অতিক্রম করতে সহায়তা করেছে।
তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তার মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা কঠিন হলেও দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তিনি আরও বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একত্র হয়ে যেভাবে সম্মান জানিয়েছে ও এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, অনেক দিক থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।
বিদেশি কূটনীতিকদের সমবেদনার বিষয়টি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
পোস্টে প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, তার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন এবং একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন—যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শেষে তিনি দোয়া করে বলেন, আল্লাহ যেন তার মায়ের রূহকে শান্তি দান করেন এবং তিনি যে ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই যেন সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।