ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, লালমনিরহাট-১ আসনে ১১টি বিক্রির বিপরীতে জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টির মধ্যে জমা ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টির মধ্যে জমা পড়েছে ৭টি। তিনটি আসনের কোনোটিতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন জমা দেয়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।