বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি


প্রকাশ :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত শেষে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে শাহবাগ মোড়ের কর্মসূচি স্থগিত করা হয়। সে সময় আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার রাতেও নেতাকর্মীরা শাহবাগ মোড়েই অবস্থান করেন।

কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সরাসরি জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।