ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৬ লাখ ৭২ হাজার ১২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ভোটার ৫০ হাজার ২১০ জন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এই পরিসংখ্যান জানা গেছে।
এবার প্রথমবার তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার এবং আইনি হেফাজতে থাকা ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি সূত্র জানায়, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, জার্মানি ও মিসরসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের জন্য এই নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রায় ৫০ লাখ প্রবাসীকে ধাপে ধাপে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।