রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত ও অরক্ষিত অগভীর নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ দায়িত্বপ্রাপ্তদের অবহেলার অভিযোগ তুলে শিশুটির পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ নলকূপগুলো দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ নোটিশ জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় অসংখ্য পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এমন একটি নলকূপে পড়ে শিশুর প্রাণহানি ঘটে, যা দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতি ও প্রশাসনিক উদাসীনতাকে স্পষ্ট করে।
সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নোটিশে ১৫ দিনের মধ্যে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—সব পরিত্যক্ত নলকূপ শনাক্ত করে জরিপ, রাষ্ট্রীয় ব্যয়ে সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত নীতিমালা প্রণয়ন, অননুমোদিত স্থাপনা রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তানোরসহ বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপকে ‘মৃত্যুকূপ’ আখ্যা দিয়ে শিশুদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়।