নিরাপত্তা-সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট তারা হাইকমিশনের সামনে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেয়।
এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার বলেন, কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ হাইকমিশন একটি অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত। সেই এলাকায় চরমপন্থীরা কীভাবে প্রবেশ করেছে, তা স্বাভাবিক নয় এবং বিষয়টি উদ্বেগজনক। তিনি আরও জানান, ঘটনার পর হাইকমিশনারের পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি ও হুমকি অনুভব করছে।