বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফোনালাপ শোনার সময় হাসলেন সালমান-আনিসুল


প্রকাশ :

জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নে উসকানি দেওয়ার অভিযোগসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের এজলাসে সালমান এফ রহমান ও আনিসুল হককে হাজির করা হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আজ এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হবে। এরপর তিনি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে একে একে পাঁচটি অভিযোগ পড়ে শোনান।

অভিযোগ পাঠের সময় এজলাসে দাঁড়িয়ে ফ্লোরের দিকে তাকিয়ে হাসতে দেখা যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে।

এ পর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে একটি অডিও প্রমাণ উপস্থাপন করেন। অডিওতে আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আলোচনা শোনা যায়। সেখানে আনিসুল হককে সালমান এফ রহমানের সঙ্গে আন্দোলনকারীদের দমনে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা বলতে শোনা যায়। একই সঙ্গে কারফিউ জারির বিষয়ে বারবার তাগিদ দেওয়ার কথাও উঠে আসে।

নিজেদের ফোনালাপের অডিও বাজানো হলে সালমান এফ রহমান ও আনিসুল হককে হাসতে দেখা যায়। এ সময় তারা নিজেদের মধ্যে কথাও বলেন।

অডিও উপস্থাপনের পর চিফ প্রসিকিউটর এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। শুনানি শেষে সালমান ও আনিসুলের হাসিমুখ ম্লান হয়ে যেতে দেখা যায়।

এর আগে, গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তী শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন।