বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচন ও গণভোট সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকের আগে পর্যায়ক্রমে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।

প্রথমে উপস্থিত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্বাচন কমিশনে প্রবেশ করেন। তিন বাহিনীর প্রধানকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাগত জানান।

নির্ধারিত সময় অনুযায়ী সিইসির কক্ষে বৈঠক শুরু হয়। এতে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা প্রস্তুতি এবং বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এদিকে একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এসব বৈঠকে নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর প্রস্তুতি, আচরণবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এই ধারাবাহিক বৈঠকগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।