ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৫৯২ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ২০ হাজার ৩৫৩ জন এবং নারী ভোটার ৩৪ হাজার ২৩৭ জন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত এই নিবন্ধনের সংখ্যা হালনাগাদ করা হয়েছে।
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে ব্যালট পূরণ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ইসি। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।