বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছালো


প্রকাশ :

দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মরদেহ অবশেষে দেশে ফিরে এসেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ বীর সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে এক নৃশংস সন্ত্রাসী হামলায় এই ছয়জন সেনা শহীদ হন।

মরদেহ দেশে পৌঁছানোর পর শোকাহত পরিবেশ তৈরি হয়। সামরিক মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকা যাত্রা শুরু করে বিমানটি। হামলায় আহত আরও আটজন শান্তিরক্ষীর উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিহতদের মধ্যে রয়েছেন নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। এই শহীদরা বাংলাদেশের বিশ্বশান্তি রক্ষায় দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও বীরত্বের প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন।

আহত শান্তিরক্ষীদের মধ্যে আছেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।

২০২২ সাল থেকে বাংলাদেশের ব্যাটালিয়ন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (ইউএনআইএসএফএ) মিশনে বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালন করছে।

বিমানবন্দরে শহীদদের কফিন গ্রহণের সময় সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শোকাহত স্বজনরা উপস্থিত ছিলেন। মরদেহগুলো যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতার পর নিজ নিজ গ্রাম ও জেলায় দাফনের জন্য পাঠানো হবে।

এই ঘটনায় জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সরকার ও সেনাবাহিনী শহীদদের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছে।