বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হলো শরিফ ওসমান হাদির মরদেহ


প্রকাশ :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি সেখানে পৌঁছানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালেই প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মরদেহটি মর্গে নেওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা। ভোর থেকেই শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন।

ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে দুপুর ২টায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে এক হামলায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী সময়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।