বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের পরিস্থিতি নজরে আন্তর্জাতিক গণমাধ্যম


প্রকাশ :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আন্দোলনের পরিচিত মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি, আলজাজিরা ও রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম সার্বিক পরিস্থিতি নিয়মিত আপডেটের মাধ্যমে প্রকাশ করছে।

শুক্রবার আলজাজিরা তাদের লাইভ কভারেজে জানায়, একজন প্রভাবশালী আন্দোলন নেতার মৃত্যুর পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লাইভ ব্লগে ঢাকায় ঘটে যাওয়া ধারাবাহিক ঘটনাপ্রবাহ ও নিরাপত্তা পরিস্থিতির দিকগুলো তুলে ধরা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সামনে নির্বাচন থাকায় এই মৃত্যু রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়েছে। প্রতিবেদনে গণমাধ্যম কার্যালয় এবং কয়েকটি রাজনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার কথাও উঠে আসে। একই সঙ্গে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আহ্বান জানিয়েছে।

বিবিসি তাদের খবরে জানায়, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এক তরুণ নেতার মৃত্যুর পর সহিংস বিক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবেদনে কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথাও উল্লেখ করা হয়।

এ ছাড়া ভারতের এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া, পাকিস্তানের ডন ও জিও টিভিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় একটি ঘটনায় শরীফ ওসমান হাদি আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।