দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত জরুরি প্রেক্ষাপট বিবেচনায় পূর্বঘোষিত সব দলীয় কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলটির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, জননিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বনির্ধারিত অনুষ্ঠান এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে, তার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা, দলীয় কর্মীদের করণীয় এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির ভূমিকা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।
বিশেষ করে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো কঠোর অবস্থান বা আনুষ্ঠানিক বার্তা আসে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী কর্মসূচি ও দেশের পরিস্থিতি নিয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান জানানো হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।