বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৪ লাখ ৮৬ হাজার ছাড়াল


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৫ হাজার ৬৭৪ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৫৬ হাজার ৩৫৩ জন এবং নারী ২৯ হাজার ৬৬৯ জন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট ওয়েবসাইটের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে দেশের ভেতর থেকেও পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৫২ হাজার ১৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫১ হাজার ৯৫৫ জন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৬০ জন। দেশের ভেতরে নিবন্ধিত পুরুষ ভোটার ৫০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ১ হাজার ৬৩৩ জন।

এবারই প্রথমবার আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও এশিয়ার বহু দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে।

ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।