বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


প্রকাশ :

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কারফিউ জারি ও আন্দোলনকারীদের দমনে উসকানি দেওয়ার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনালের কার্যতালিকায় এ মামলাটি অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও নির্মূলের চেষ্টা করা হয়। এছাড়া গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে উপস্থিত থেকে হত্যাকাণ্ডে উসকানি দেওয়া এবং আন্দোলন সংশ্লিষ্ট ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করার অভিযোগও রয়েছে।

এর আগে অভিযুক্ত আনিসুল হক ও সালমান এফ রহমান তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। আজকের শুনানিতে ওই আবেদন নিয়েও ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিতে পারে বলে জানা গেছে।

এদিকে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির দিনও ধার্য রয়েছে। জয় পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।