বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জেআইসি–সংক্রান্ত মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ


প্রকাশ :

টানা শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)–এ কথিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন বলে জানানো হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়। এর আগে গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি জেআইসি সেলে সরকারবিরোধী বিভিন্ন ব্যক্তিকে আটক করে গুম ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন এবং ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে নিখোঁজ হওয়া ২৬ জনের ঘটনার প্রেক্ষাপটে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন।

বর্তমানে মামলার ১৩ আসামির মধ্যে তিনজন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু অব্যাহতির আবেদন জানিয়ে চারটি গ্রাউন্ডে শুনানি করেন। এর মধ্যে বেআইনি আটক, অপহরণ ও নির্যাতন—এই তিনটি বিষয় বিবেচনায় নেওয়ার কথা জানায় ট্রাইব্যুনাল। অপর গ্রাউন্ডটি ছিল গুম সংক্রান্ত।

এদিকে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যরা ডিসচার্জ চেয়ে আবেদন করেন। সব পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

শেখ হাসিনাসহ মামলার পলাতক অন্য আসামিরা হলেন— প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ এবং লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

গত ২৩ নভেম্বর পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষে স্বেচ্ছায় মামলা পরিচালনার জন্য প্রথমে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না নিয়োগ পেলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ৩ ডিসেম্বর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে মো. আমির হোসেনকে তার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে পলাতক আসামিদের হাজির করার লক্ষ্যে সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর প্রসিকিউশন এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।