বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচনের দিন চূড়ান্ত: ১২ ফেব্রুয়ারি ভোট ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে


প্রকাশ :

জাতির উদ্দেশে ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

সিইসি জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। বিদেশে থাকা বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ওই সরকারের ১৬ মাস পর জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন নিয়ে নানা প্রক্রিয়া ও সময়সীমা পরিবর্তন হয়। গত বছরের জুনে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন যে নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের দিকে হতে পারে। পরে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সময় এগিয়ে এনে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে সমঝোতা হয়। এরপর সরকার জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে—আর আজ সেই তারিখ নিশ্চিত করলো ইসি।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি, তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নিবন্ধিত দলগুলো দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে, আর যে কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে পারবেন।

এটাই হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশন দুই ভোট এক দিনে হওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। সময় ব্যবস্থাপনায় চাপ কমাতে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষও আগের চেয়ে বেশি থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও এবার বড় প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী মাঠে থাকবে। প্রায় ৯ লাখ সদস্য এ কাজে যুক্ত হবেন—যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। ইতিমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্বের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।