স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ম্যানেজিং বোর্ড গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান হয়েছেন গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার।
দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তা কার্যক্রমকে ধারাবাহিক রাখতে এবং নিয়মিত ম্যানেজিং বোর্ডের নির্বাচন আয়োজনের লক্ষ্যে পূর্বের অ্যাডহক বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. তাসনিম আজিম। ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন মো. রেজাউল করিম।
নতুন বোর্ডে সদস্য হয়েছেন মো. আফজালুর রহমান, অতিরিক্ত সচিব (অব.); ডা. মো. নাছির উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ও পরিচালক (হাসপাতাল প্রশাসন), বারডেম জেনারেল হাসপাতাল; ব্যারিস্টার তানিম হোসেন শাওন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; এবং ডা. আরেফিন অমল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এক্স-কান্ট্রি ডিরেক্টর, নূরা হেলথ বাংলাদেশ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। এই সময়ের মধ্যেই রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়মিত ম্যানেজিং বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এবং দুর্যোগ ও মানবিক কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে এই পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর মাঠপর্যায়ের ত্রাণ, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।