বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আদিতমারীতে দুই গ্রামের মানুষের দুর্দশা লাঘবে যুবদলের স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় রত্নাই নদীর দুই গ্রামের মানুষের দুর্দশা লাঘবে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করেছে জেলা যুবদল।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় দুই গ্রামের যাতায়াতের সুবিধার জন্য রত্নাই নদীর ওপর যুবদলের নিজস্ব অর্থায়নে নির্মিত কাঠের ব্রিজের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ১৭ বছরেও আওয়ামী লীগ ছোট ছোট সেতুগুলো নির্মাণ করতে পারেনি। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শাসণের কারণে মানুষের দুঃখ–দুর্দশার প্রতি কোনো আন্তরিকতা ছিল না আওয়ামী লীগের। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। যুবদল বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, এতে জনদুর্ভোগ কমছে মানুষের।

এলাকাবাসী জানান, আবাদের জন্য সারের বস্তা কিংবা উৎপাদিত ফসল হাটবাজারে নিয়ে যাওয়া ছিল কষ্টসাধ্য। একটা সেতু না থাকায় এসব ভোগান্তির সীমা ছিল না। আমাদের সন্তানেরা স্কুলে পড়ে, বর্ষাকালে চরম ঝুঁকি নিয়ে স্কুলে যেত তারা। এখন অনেক পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ–দুর্দশা লাঘব হলো। সতি নদীর ওপর স্বেচ্ছাশ্রমে যুবদলের এই সেতু নির্মাণের উদ্যোগে দারুণ খুশি আমরা এলাকাবাসী।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, স্থানীয়দের দুঃখ–দুর্দশার কথা ভেবে জেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ভাসমান এ সেতু নির্মাণ করছে। ইতোমধ্যে তিনটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে এবং আরো চারটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সেতুটি নদীর উভয় পাড়ের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছে। বাঁশ, কাঠ এবং ড্রাম ব্যবহার করে ৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, পার্শ্ববর্তী তিস্তা নদীর পানির সঙ্গে সম্পৃক্ত থাকায় সতি নদীর পানিও উঠা–নামা করে। তাই বাঁশ বা কাঠের সেতু নির্মাণসহ বিভিন্ন স্বেচ্ছাশ্রমের কাজ করে যাচ্ছে জেলা যুবদল এবং আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের নেতাকর্মী এবং ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।