ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৫ জন এবং ঢাকার বাইরে বিভাগভিত্তিক ভর্তি হয়েছেন—বরিশালে ৫৭, চট্টগ্রামে ৫১, ঢাকার বাইরে ৫৩, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৩২, রাজশাহীতে ৪৮, রংপুরে ৩ এবং সিলেটে ৬ জন রোগী।
এ সময়ে সারাদেশে ৪৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ২৩২ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৯৮ জনের।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং মশা নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।