লালমনিরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হল রুমে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব, আমার দেশ-এর সাংবাদিক হাসান উল আজিজ, প্রেসক্লাব লালমনিরহাটের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের সাংবাদিক মোঃ লাভলু শেখ, সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, সাংবাদিক মাসুদ রানা রাশেদ ও মফিজুর রহমান জিএস বাবুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া মাদকমুক্ত লালমনিরহাট গড়তে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে বলে জানান তিনি।
মাদক নিয়ে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।
২৫তম বিসিএসের ওই পুলিশ কর্মকর্তা লালমনিরহাট জেলা পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদান করে এটাই ছিল তার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা।