সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না; মূল বিষয় হলো অভিযোগের সত্যতা যাচাই।
রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে সাবেক রাষ্ট্রপতির তিন তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিল মাসে তিনি সপরিবারে ওই বাড়িতে উঠেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাড়ির আশেপাশের রাস্তায় হাঁটার পথ, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ এবং খালসংলগ্ন ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।