অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিজির বিপক্ষে গোল উৎসব করেছে স্পেন। কাতারে অনুষ্ঠিত ম্যাচে ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের যুবারা। এই ম্যাচে তিনটি হ্যাটট্রিক হয়েছে। তবে মাত্র এক গোলের জন্য প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়তে পারেনি স্পেন।
ম্যাচে রাফা ক্রুজ, রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো হ্যাটট্রিক করেন। এর মধ্যে মাত্র ২১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রুজ। ম্যাচে তিনি একাই করেছেন পাঁচ গোল। অন্যদিকে থমাস ও ত্রুজিলানো পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
এ ছাড়া মার্কো কোম্পানি, বদলি খেলোয়াড় ইয়েরেমিয়া রামোস ও জর্জ ডোমিঙ্গেজ লিতুবা দুটি করে গোল করেন। প্রথমার্ধেই ৯ গোল করে এগিয়ে যায় স্পেন। বিরতির পর আরও ছয় গোল করে বড় জয় নিশ্চিত করে দলটি।
এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে স্পেন। এর আগে ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩-০ গোলে জিতেছিল তারা।
তবে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড ছোঁয়া হয়নি স্পেনের। গত বছর নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ১৬-০ গোলের জয় পেয়েছিল মরক্কো। সেটিই এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সর্বোচ্চ ব্যবধানের জয়।
অন্যদিকে ফিজির জন্য বিশ্বকাপের এবারের আসর হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। মরক্কোর কাছে ৬-০ গোলে হারের পর স্পেনের বিপক্ষে ১৫ গোল হজম করল দলটি। গত আসরেও তিন ম্যাচে তিউনিসিয়া, বেলজিয়াম ও আর্জেন্টিনার কাছে মোট ২০ গোল খেয়েছিল ফিজি।
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেনি ফিজি। বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৪১ বার।
সূত্র: দৈনিক ইত্তেফাক